দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আমানিয়া হোটেলের ম্যানেজার ইমাম উদ্দিনকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হোটেলের ক্যাশ থেকে ৫ লাখ টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চৌমুহনী-ফেনী সড়কের আমানিয়া হোটেলের ম্যানেজারের অফিসকক্ষে এ ঘটনা ঘটে।
আহত ইমাম উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নওয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা। তিনি আমানিয়া হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত।
এ ঘটনায় বেগমগঞ্জ থানায় দায়ের করা এজাহারে চারজনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন—হাসান মাহমুদ শুভ (৩৫), বাবু (৩৫), এনামুল হক লালন (৩২) ও মহদী হাসান (৩০)। তাঁরা সবাই চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এজাহারে ইমাম উদ্দিন অভিযোগ করেন, হোটেলের অংশীদার হাসান মাহমুদ শুভ বিভিন্ন সময় হিসাবের বাইরে টাকা নিয়ে যেতেন। অন্যান্য অংশীদার তাঁকে হিসাবের বাইরে কোনো টাকা না দিতে নিষেধ করেন। এরপর থেকে শুভ তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে চার আসামিসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জন রামদা, ছেনি, চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হোটেলের অফিসকক্ষে প্রবেশ করে ইমাম উদ্দিনের ওপর হামলা চালায়। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি চাপাতি দিয়ে মাথায় কোপ দেওয়া হয়। এতে মাথার ডান পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় এবং পাঁচটি সেলাই লাগে। এ ছাড়া লোহার রড দিয়ে মাথার বাম পাশে আঘাত ও ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে এক আসামি ইমাম উদ্দিনের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে আব্দুল মালেক নামে এক বৃদ্ধকেও মারধর করে আহত করা হয়।
ইমাম উদ্দিনের অভিযোগ, হামলাকারীরা হোটেলে এর আগেও একাধিকবার হামলা ও ভাঙচুর চালিয়েছেন। পরে মামলা করলে তাঁকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
পরে স্থানীয়রা আহত ইমাম উদ্দিনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। একই সঙ্গে হোটেলের ক্যাশ থেকে ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে হাসান মাহমুদ শুভর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/